নির্বাচনে কারা কত আসন পাবে, সেটা আগেই ঠিক করা ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে কারা কত আসন পাবে তা আগেই ঠিক করা হয়েছিল। তিনি বলেন, সাধারণ মানুষ ভরসা রেখেছিল। সাভারের ৯০ বছর বয়সী একজন বৃদ্ধা ভোট দিতে এসেছিলেন, এমনকি কথা বলতে পারতেন না। একজন ক্যান্সারের রোগীও ভোট দিতে এসেছিলেন। কিন্তু এই ভোটগুলো চুরি হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলামোটরে প্রবাস ফেরত ২৪ জনের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী জানান, এনসিপি কয়েকটি আসনে পাস করেছে, যেখানে প্রবাসীদের ভোট ছিল। প্রবাসীরা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ এবং ১১ দলীয় জোটে ভোট দিয়েছেন। তিনি বলেন, “দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। কিন্তু নির্বাচনের প্রক্রিয়া এবং ভোট চুরির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।”
তিনি আরও বলেন, এখন নতুন করে বিরোধী দলের সঙ্গে ছোটখাটো যোগাযোগ হচ্ছে, তবে তা জনগণের কাছে প্রাধান্য পেতে হবে। পাটওয়ারী আশঙ্কা প্রকাশ করেন, যারা এই নির্বাচন পরিচালনা করেছে, তারা অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে সংসদে ঢুকিয়েছে। এদের কোনো মন্ত্রণালয় দেওয়া উচিত নয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও ঘোষণা করেন, পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।