নিজেরা শপথ নিয়েই মন্ত্রিসভার শপথ বর্জন করলো এনসিপি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানিয়ে এনসিপির নির্বাচিত ৬ জন সংসদ সদস্য দুটি পৃথক শপথ গ্রহণ করেছেন—একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

তবে বিকেলে বঙ্গভবন-এ অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না বলে স্পষ্ট জানান তিনি। তার ভাষ্য, গণভোটের রায় অনুসরণ না করে যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত রয়েছেন, তাদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়াকে সমীচীন মনে করছে না দলটি।

যদিও সরাসরি কোনো দলের নাম উল্লেখ করা হয়নি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শপথ না নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এনসিপি এই অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের নিয়ে গঠিত নবীন রাজনৈতিক দল এনসিপি থেকে মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। দলটির এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495