আব্বাসের মত রবিউলের চাঁদাবাজির রাজত্ব খান খান করে দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, দেশে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ নামে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের নেভিগলিতে শ্রমজীবী মানুষের সম্মানে আয়োজিত মাসব্যাপী ইফতার কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একজন মন্ত্রী দুর্নীতি ও চাঁদাবাজিকে নতুন নামে আখ্যা দিয়ে উন্নয়নের কথা বলছেন। তার মাধ্যমে রেল, সড়ক কিংবা নৌপথের উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, খুনের মামলার আসামিকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চলছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মির্জা আব্বাসের সাম্রাজ্য যেভাবে আমরা ভেঙেছি, রবিউল আলমের চাঁদাবাজি-সন্ত্রাসের রাজত্বও খানখান করে দেব।”
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, কোনো উন্নয়ন পরিকল্পনায় চাঁদাবাজদের পুনর্বাসনের সুযোগ রাখা হলে তার পরিণতি ভালো হবে না।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর কাছে শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করার দাবি জানান তিনি। নির্বাচন শেষে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্যের কাছ থেকেও এ হত্যাকাণ্ডের বিষয়ে স্পষ্ট অবস্থান ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।