‘দুষ্টুমি করবা না’- নাসীরুদ্দীনকে মির্জা আব্বাস
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন।
তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী-এর আমিরের কাছে দোয়া চাইলে তিনি জবাবে বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ—দুইটাই রইল।’
পোস্টে নাসীরুদ্দীন আরও জানান, তারেক রহমান-এর সঙ্গে আলাপচারিতায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তোলেন। জবাবে তারেক রহমান বলেন, এ উদ্যোগ শুরু হয়েছে এবং শিগগিরই তা সারা দেশে চালু হবে।
এ ছাড়া ড. আবদুল মঈন খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন-সহ অন্য নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, ইফতার শেষে একই টেবিলে সরকার ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস আবারও তাকে বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’