“প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বেড়েছে: জয়নুল আবদিন ফারুক”

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, জাতিসংঘ সফরে গিয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অনেকে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন। এ ধরনের বক্তব্য জনগণের মনে প্রশ্ন ও উদ্বেগ বাড়িয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জয়নুল ফারুক বলেন, “আগামী নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো—প্রধান উপদেষ্টা আসলে কী বার্তা দিতে চাইছেন? জনগণের প্রত্যাশা কি উপেক্ষিত হচ্ছে?”

তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে যে অশান্তি চলছে, তা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। একদিকে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখার কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার নানা অজুহাতে ঘোলাটে পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

অতীত প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ক্ষমতায় থাকা পাঁচ বছর নয়, ২৫ বছরও বড় বিষয় নয়। শেখ হাসিনা টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন। এখন প্রশ্ন হলো—সেই সময়ে দেশের মানুষ আসলেই সুখে ছিল কি না? নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, অর্থনীতি ও ব্যাংকের অবস্থা, আইন-শৃঙ্খলা—এসবই মানুষের জীবনে প্রভাব ফেলছে।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “এক বছর তিন মাস ধরে আপনি ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তার কতটা ফিরিয়ে আনতে পেরেছেন? ব্যাংকের বর্তমান সংকট কেন? আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি। কিন্তু যদি বলেন, জনগণ আপনাকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখবে, তবে প্রশ্ন উঠবে—এই সময়ও কি আগের মতোই যাবে?”

জয়নুল ফারুক দাবি করেন, দেশে অশান্তি সৃষ্টির মূল শক্তি আওয়ামী লীগ এবং ভারত। তিনি মনে করেন, আসন্ন নির্বাচন প্রধান উপদেষ্টার জন্য বড় একটি অগ্নিপরীক্ষা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি লায়ন এ বি এম ফারুক এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিম।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495