পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন। এ লক্ষ্যে তাকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
বিরোধীদলীয় নেতার দফতর সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি লেখা চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠিতে শফিকুর রহমান উল্লেখ করেন, অধ্যাপক মোহাম্ম্দ মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার অভিজ্ঞতা ও পেশাগত যোগাযোগ রয়েছে বলেও এতে বলা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবকে নতুন ও অভিনব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন শফিকুর রহমান। তার মতে, অধ্যাপক মাহমুদুল হাসানকে এ দায়িত্বে আনা হলে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করা সহজ হবে এবং আন্তর্জাতিক সম্পর্কেও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
চিঠিতে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা ও দেশের পররাষ্ট্রনীতি সমন্বয়ের স্বার্থে বিষয়টি সরকারের পক্ষ থেকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।