আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করতে হবে। কেউ যদি তাদের প্রতি বেশি অনুরাগ দেখায়, তাহলে ভারতে গিয়ে শেখ হাসিনার কাছেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা ভুয়া পরিচয়ে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে আটকে রেখে প্রশাসনের কাছে হস্তান্তর করা উচিত।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো অপচেষ্টা বা কচুয়াকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে, চাঁদপুরবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান, ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495