ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় ও বিশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ ধরনের কেলেঙ্কারিতে জাতি হিসেবে আমরা লজ্জিত।
শনিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঈদ মানুষের আনন্দের উৎসব। এ সময় শহর-নগরে থাকা মানুষ নাড়ির টানে গ্রামে ছুটে যান। কিন্তু ঈদযাত্রায় অতীতের তুলনায় এবার আরও বেশি ভোগান্তি হয়েছে, যা দুঃখজনক। পরিবর্তিত বাংলাদেশে এমন পরিস্থিতি কাম্য ছিল না।
তিনি আরও বলেন, ভাড়া নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্টদের অসংগত বক্তব্য জাতিকে হতাশ করেছে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ ও বিব্রত। তারা নিজেরা লজ্জিত কি না, সেটিও প্রশ্নবিদ্ধ।
জামায়াত আমির বলেন, গ্রামে যাওয়া মানুষের বড় অংশই স্বল্প আয়ের। তারা সারা বছর কষ্ট করে কিছু অর্থ সঞ্চয় করেন। সেই অর্থ যদি অতিরিক্ত ভাড়ায় শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এটি অমানবিক এবং মানবতাবিরোধী আচরণ।
তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্টরা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ব্যর্থ হয়েছেন। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে মানুষের দুর্ভোগ বাড়িয়েছেন। এ ঘটনায় তিনি নিন্দা জানান।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, এই ঈদ মুসলিম উম্মাহর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। পরিবর্তনের পর এটি দ্বিতীয় ঈদুল ফিতর। যাদের ত্যাগের বিনিময়ে দেশ আজকের অবস্থানে এসেছে, তাদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে।
এ সময় তিনি দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।