স্বাধীনতা ঘোষণার লক্ষ্য অর্জন হয়নি বলেই ২৪ এর আন্দোলন: গোলাম পরওয়ার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম
বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সালের লড়াইয়ের মাধ্যমে অর্জিত স্বাধীনতায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। স্বাধীনতার ঘোষণার মূল লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি, এ কারণেই ২৪-এর আন্দোলন প্রয়োজন হয়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “একবার নয়, এই ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে। তবু বৈষম্য দূর হয়নি। আমাদের অর্জিত স্বাধীনতা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।”
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে বার্তা আসছে, তা সুখকর নয়। সংবিধান সংস্কার বিষয়ে সরকার দল ১৮০ ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে এবং সংবিধানের নানা অযুহাত দেখাচ্ছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের ভোট পড়েছে, তা বিএনপির ভোটের তুলনায় অনেক বেশি। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন।”