যাত্রীবাহী বাসডুবির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: গোলাম পরওয়ার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে হতাহত ও নিখোঁজের ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে ডুবে যায়। দুর্ঘটনার সময় নিহত হয়েছেন চারজন এবং অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ভাষায় প্রকাশের মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার তৎপরতা চালানো জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

দুর্ঘটনার পেছনে কোনো ধরনের গাফিলতি, অব্যবস্থাপনা বা দায়িত্বহীনতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “শুধু শোক প্রকাশ করলেই চলবে না, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে স্বজন হারানোর বেদনা সহ্য করতে না হয়।” এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495