অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত: বিরোধীদলীয় হুইপ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদের বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কারচুপির সঙ্গে জড়িত ছিল। একইসঙ্গে তিনি সরকারের অনেকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তাদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, অনেক উপদেষ্টা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমরা তাদের এই ভূমিকাকে ধিক্কার ও নিন্দা জানাই।”
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা শুরু থেকেই দলীয় সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, যা প্রমাণ করে সরকার নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছে।
উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসান-এর একটি বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন মন্তব্য দেশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে বিরোধীদলীয় এই নেতা বলেন, নির্বাচন কীভাবে হয়েছে তা দেশের জনগণ ও সাংবাদিকদের কাছে স্পষ্ট।
‘গণভোট’ ও ‘সংস্কার’ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তিনি বলেন, যারা এখন গণভোটের অস্তিত্ব অস্বীকার করছেন, তাদের উচিত জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে রফিকুল ইসলাম খান বলেন, অতীতে অনেক সময় সরকার কোনো দাবি অস্বীকার করলেও পরে তা মেনে নিতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারও একসময় গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।