জিয়াউর রহমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছি: ডা. শফিকুর রহমান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে স্মরণ করে বিরোধীদলীয় প্রধান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি বিরল সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার নির্মম হত্যাকাণ্ডের পর দল-মত নির্বিশেষে মানুষ কুরআন খতম করে অশ্রুসিক্ত দোয়া করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খান ‘জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ২০২২’ সংশোধন করে ‘২০২৬’ করার প্রস্তাব উত্থাপন করলে তার বিরোধিতা করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর সুফল পরবর্তীতে দেশ ভোগ করেছে এবং বর্তমান সংসদও সেই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জিয়াউর রহমান জনগণের মনের ভাষা বুঝতে পেরেছিলেন। তাকে যখন হত্যা করা হয়, তখন তিনি নিজে মেডিকেলের ছাত্র ছিলেন। সে সময় রাজনৈতিক পরিচয় নয়, বরং জনগণের ভালোবাসার রাষ্ট্রপতি হিসেবেই তাকে দেখেছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ইন্তেকালের পর দেশ আবারও অস্থিরতায় পড়ে এবং সেই প্রভাব এখনও চলমান রয়েছে।