সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় রুহুল কবির রিজভী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনয়নপ্রত্যাশীরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে যারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই অনেকেই এবার মনোনয়ন প্রত্যাশা করছেন।
তিনি বলেন, চূড়ান্তভাবে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। প্রার্থীদের ক্ষেত্রে বিগত আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে বক্তব্য দেওয়ার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংসদে প্রাণবন্ত আলোচনা নিশ্চিত করতে হবে, যা গণতন্ত্রকে শক্তিশালী করে।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা।
অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ সংক্রান্ত তফসিল ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই চলবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত হয়েছে।