আ.লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণে দাগি আসামিরা জামিন পাচ্ছে: সারজিস
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অলিখিত সমঝোতার কারণেই একের পর এক দাগি আসামি জামিন পাচ্ছে।
রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বাস্তবতা হলো বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই। তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল, যা এখন বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এমনকি দেশের বাইরে অবস্থান করেও আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর দেখা যাচ্ছে, সেই কথিত সমঝোতার ফলেই জুলাই অভ্যুত্থানের সময় যোদ্ধাদের ওপর হামলাকারী এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত অনেক দাগি আসামি এখন জামিনে বেরিয়ে আসছে।
সংসদে বাতিল হওয়া ২০টি অধ্যাদেশকে কণ্ঠভোটে পাস হওয়া ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতে যে সংস্কার ও প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার দাবি জানিয়েছিল, ক্ষমতায় এসে তারা সেসব প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
তার অভিযোগ অনুযায়ী, এ কারণেই গুম সংক্রান্ত অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা হয়েছে।
সারজিস আলম আরও বলেন, অভ্যুত্থানের সময় আহত যোদ্ধাদের ওপর হামলাকারীরা এখন বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও যোদ্ধাদের হুমকি দিচ্ছে, যা তাদের জন্য চরম অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বিএনপিকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দলকে দমন করে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না।
এসময় তিনি অভিযোগ করেন, সরকারি দল শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নানা প্রলোভন দেখিয়ে বিভাজনের চেষ্টা করছে। এ ধরনের প্রলোভনে না পড়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শেষে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেই আদর্শের পক্ষে অবস্থান নেওয়াই সবার দায়িত্ব।