জনগণকে গর্জে উঠতে হবে, আমরা পাশে থাকবো: জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত

সংসদ ও রাজপথ দুই ক্ষেত্রেই জনগণের এজেন্ডা নিয়ে সরব থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে এবং এ আন্দোলনে দল সবসময় জনগণের পাশে থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে। তবে দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নির্বাচন ফল মেনে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে জুলাইয়ের চেতনাকে নষ্ট করা হয়েছে। সাবেক এক উপদেষ্টা ও বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনী অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধান নিজেদের মতো করে সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে সরকার। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্যকে রাজপথে নামতে হচ্ছে বলে জানান জামায়াত আমির।

অতীতের তুলনায় নব্য ফ্যাসিবাদ আরও ভয়ংকর হতে পারে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং দেশের গুরুত্বপূর্ণ সংকট নিয়ে সংসদে আলোচনা চাইলেও তা নাকচ করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495