ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে ওই সেশনে অংশগ্রহণের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসির অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্কার ইমেইলের মাধ্যমে এই আমন্ত্রণ জানান।

আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, ইউনেস্কো-এপিসিআইসি এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। পাশাপাশি শহরগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগরায়ণের কার্যকর পদ্ধতি বিনিময়ের জন্য এই ফোরামকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, আসিফ মাহমুদের অংশগ্রহণ সংশ্লিষ্ট সেশনে নতুন মাত্রা যোগ করবে এবং শহরগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা ও অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করতে সহায়ক হবে।

উল্লেখ্য, ইউনেস্কো এপিসিআইসি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিসের সাতটি আঞ্চলিক জোটের একটি, যা ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী নগর উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495