থানায় মব করেছে ছাত্রদল, মজা নিয়েছে পুলিশ: ফরহাদ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। তাদের অভিযোগ, থানার ভেতরে ঢুকে ছাত্রদল ‘মব’ সৃষ্টি করলেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নীরব সমর্থনেই কি ছাত্রদল থানায় এমন তৎপরতা চালিয়েছে।
এস এম ফরহাদ বলেন, একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয় এবং সেটিকে কেন্দ্র করে আইনি প্রক্রিয়ায় না গিয়ে থানায় গিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হয়। তিনি অভিযোগ করেন, ডাকসুর নেতা মুকাদ্দিস ও জুবায়েরসহ অন্যদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় পুলিশ অভিযোগ গ্রহণ না করে ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, এসব আচরণ ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত বহন করে।
এদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, থানায় হামলার মতো ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটি বিশ্ববিদ্যালয় রাজনীতিতে অশুভ বার্তা দিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তির রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এর আগে শাহবাগ থানায় ডাকসুর দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, থানার ভেতরে তাদের আটকে রেখে মারধর করা হয়।
রাত ৮টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যান ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক। সেসময় তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে। এছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভি মারধরের শিকার হয়েছেন বলেও জানা গেছে।