বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ শাসনামলের দমন-পীড়ন মোকাবিলা করে টিকে থাকা বিএনপি বর্তমানে নয়াপল্টন কার্যালয়ে সাংগঠনিক পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের কাজে ব্যস্ত সময় পার করছে। বিশেষ দিবসভিত্তিক কিছু কর্মসূচি ছাড়া দলীয় কার্যালয়ে এখন আগের মতো রাজনৈতিক উত্তাপের বদলে বেশি দেখা যাচ্ছে সংগঠনের ভেতরকার গঠনমূলক কার্যক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ। এই সনদ বাস্তবায়নে বিএনপির প্রস্তাব হলো সংস্কার পরিষদের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠন করে বিষয়টির সমাধান করা। তবে এই প্রস্তাবে বিরোধী জোটের সম্মতি না থাকায় বিষয়টি নিয়ে মতভেদ এখন রাজপথ পর্যন্ত গড়িয়েছে।

সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই বিরোধীদের এমন তৎপরতাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। তিনি প্রশ্ন তুলে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে কেউ যদি অরাজকতা সৃষ্টি করে, তাহলে জনগণের স্বার্থে বিএনপি রাজপথে অবস্থান নিতে পিছপা হবে না।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত মনে করেন, সংসদীয় রাজনীতির যেকোনো মতবিরোধ সংসদের ভেতরেই আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধান করা উচিত। রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার কোনো যৌক্তিকতা নেই।

একই সুরে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনসহ সব আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংসদের কাজকে রাজপথে টেনে আনা উচিত নয় এবং সমাধানও সংসদীয় আলোচনার মাধ্যমেই হওয়া দরকার।

বর্তমানে বিএনপির প্রধান লক্ষ্য দুইটি একদিকে রাষ্ট্র কাঠামো সংস্কারে সরকারকে সহযোগিতা করা এবং অন্যদিকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। তবে বিরোধীদের কর্মকাণ্ডের ওপর কঠোর নজর রাখছে দলটি, যাতে আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়। বিএনপি নেতাদের মতে, সংসদকে পাশ কাটিয়ে রাজপথে সংঘাত সৃষ্টি করলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495