‘মানবসৃষ্ট আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে’
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
বাংলাদেশে মানুষের তৈরি আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, দেশে প্রকৃত ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন জরুরি।
বুধবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, শুরুতে শরিয়তের আইন মানবেন না বললেও পরে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলে কোরআনের আইন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার।
তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা যেতে পারে। এ বোর্ডে মাদ্রাসাশিক্ষিত সংসদ সদস্য ও বিভিন্ন মাজহাবের আলেমদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। এই বোর্ড ইসলামী আইন প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ দেবে বলে উল্লেখ করেন।
সংসদ সদস্য বলেন, জাতীয় সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা রয়েছে, তাই দেশের আইনের মূল উৎস হওয়া উচিত আল কোরআন। তার মতে, দেশের অধিকাংশ মানুষ কোরআনে বিশ্বাসী এবং তারা কোরআনের বিধান প্রতিষ্ঠা দেখতে চায়।
তিনি দাবি করেন, পবিত্র কোরআনের বহু আয়াতে মানবজীবনের জন্য করণীয় ও বর্জনীয় বিধান দেওয়া হয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
মুজিবুর রহমান সূরা হজের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে তারা নামাজ, যাকাত ও নৈতিকতার মাধ্যমে সমাজকে সুসংগঠিত করবে এবং দারিদ্র্য ও অন্যায় দূর করবে।
তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও কোরআনের কোনো আইন কার্যকর করা হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন, কেন দেশে নামাজ, যাকাত ও নৈতিকতার বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়নি।
এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গে চলমান বিতর্ক নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, জামায়াতে ইসলামীর কোনো নেতা কখনো এমন দাবি করেননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যাও চান তিনি।