রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির দেওয়া ভাষণ তিনি শোনেননি কিংবা পড়েননি। পাশাপাশি ওই ভাষণ এবং ভাষণ দেওয়ার প্রক্রিয়াকেও তারা প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির আর বঙ্গভবনে অবস্থান কিংবা সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই।
রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তিনি বলেন, অতীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তাকে কিছু নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমতাসীন দলকে অব্যাহতি দেওয়া এবং কিছু রাজনৈতিক নেতাকে মামলা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা।
তিনি আরও দাবি করেন, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বহাল রাখা বিরোধী রাজনৈতিক শক্তির দুর্বলতার বহিঃপ্রকাশ। দেশের জন্য এটি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, তাদের সামনে দুটি বিকল্প ছিল একটি জাতীয় সরকার গঠন এবং অন্যটি সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর। তবে সাংবিধানিক ধারাবাহিকতার অজুহাতে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বাহাত্তরের সংবিধানকে একাত্তরের চেতনার সঙ্গে এক করে দেখার প্রবণতা রয়েছে, যা তিনি ও তার দল সবসময় প্রত্যাখ্যান করে আসছে। একই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আপত্তি জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।