প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই: বিরোধীদলীয় নেতা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:৪৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী নিজে বিচার না চাইলেও তিনি বিচার চান বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়ে দেশের সবারই মেয়ে, তাই এ ধরনের নোংরামি মেনে নেওয়া যায় না।
দোষারোপের রাজনীতিতে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে খুঁজে বের করার দাবি জানান। তিনি আরও বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে প্রায়ই বলা হয় এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিবাদ ফিরে আসে। তবে নির্বাচনের আগে তাদের পক্ষ থেকেই নানা আশ্বাস দেওয়া হয়েছিল—মামলা প্রত্যাহারসহ সহযোগিতার কথা বলা হয়েছিল। সেই অবস্থান এখনো আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ফ্যাসিবাদের সময় সংঘটিত সব অপরাধের বিচার দাবি করে জামায়াত আমীর বলেন, গুম, খুন, ধর্ষণসহ সব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যার বিচারও এর অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। অন্যথায় এই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, তারা কেবল বিরোধী দল হিসেবে নয়, জনগণের প্রতিনিধিত্ব করতেই সংসদে এসেছেন।
সরকারের কৃষিনীতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, কৃষকরা এখনো মধ্যস্বত্বভোগীদের হাতে জিম্মি। গ্রামে কম দামে বিক্রি হওয়া ফসল শহরে কয়েকগুণ বেশি দামে বিক্রি হয়। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিস্তা ব্যারাজ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এই প্রকল্পে চীন অর্থায়নের প্রস্তাব দিয়েছিল, পরে ভারতও আগ্রহ দেখায়। এখন এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। তিনি বলেন, কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার না করে সরকার যদি সাহসিকতার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে দেশের বিপুল জনগণ এর পক্ষে থাকবে।