এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিমুর রহমান

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৪ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার যোগদানের ঘোষণা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এইচ আরিফসহ নানা পেশার মানুষ এনসিপিতে যোগ দেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের নেতারাও দলে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা। এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ ক্রমেই বাড়ছে, যার প্রভাব নতুন প্রজন্মের মধ্যেও স্পষ্ট। তিনি দাবি করেন, বিএনপির অনেক প্রভাবশালী নেতার সন্তানরাও এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের কেউ কেউ বর্তমান রাজনীতিকে গ্রহণযোগ্য মনে করছেন না। ভবিষ্যতে তাদের মধ্যে কয়েকজন এনসিপিতে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। অতীতে এমন প্রতারণার পরিণতি ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে উগ্রপন্থিদের উত্থান ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য শঙ্কার কারণ হতে পারে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495