ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইস্রাফিল
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৪৪ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। মঙ্গলবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে নীলা ইস্রাফিল বলেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা নাগরিকদের মৌলিক অধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ ঘোষণার পর আরও দুটি পৃথক পোস্টে রাজনৈতিক মন্তব্য করেন তিনি। এক পোস্টে ভোটারদের উদ্দেশে প্রশ্ন তুলে নীলা বলেন, তারা কাকে ভোট দিতে চান রাজাকারদের সন্তানদের, নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের।
অন্য পোস্টে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার। একই সঙ্গে নগরীকে রাজাকারমুক্ত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।
নীলা ইস্রাফিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী। জুলাইয়ের গণ-আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গঠিত রাজনৈতিক দলে যোগ দেন তিনি এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন।
এর আগে সাবেক শ্বশুর ও নিজ দলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আলোচনায় আসেন নীলা। পরে গত বছরের ২৮ জুলাই তিনি দল থেকে পদত্যাগ করেন।