মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বার্তা, ‘ফিরে আসুন কমরেড’
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। এরপর বিভিন্ন গণমাধ্যমে মির্জা আব্বাসের সুস্থতার খবর প্রকাশিত হয়।
এদিকে মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদচিত্র শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে তিনি একসময় মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
ছবিটির ক্যাপশনে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘প্রতিকূলতা জয় করে ফিরে আসুন কমরেড।’
জানা গেছে, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।