ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন।
বিয়ের আকদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাকসুর নেতাসহ ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সাদিক কায়েমের বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসংসদের নেতারা বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসুর নেতা মাজহারুল ইসলামের তৈরি বিয়ের কার্ডের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।