সাংবাদিক সুভাষ সিংহ রায়সহ ১০ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
দুর্নীতির অভিযোগে তদন্তাধীন থাকায় সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীসহ মোট ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ল্যাফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও তার স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ, এবং মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ।
দুদক সূত্র জানায়, এসব ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত বিষয়টি বিবেচনা করে আবেদনটি মঞ্জুর করেন।