বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আকদের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে আকদ সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।