বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারতে সাদিক কায়েম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:২৩ পিএম
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অংশ নেন।
আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন নূরুল ইসলাম বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে বিয়ের অতিথিদের নিয়ে পৃথকভাবে ওসমান হাদির কবর জিয়ারত করেন সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ অন্যান্য নেতারা।
জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।
এদিকে, আকদ অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও সাদিক কায়েমকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।