সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে নানা ধরনের সুবিধাভিত্তিক কার্ড চালু থাকলেও সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে তিনি ‘ন্যায়বিচার কার্ড’ চালুর দাবি জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালালচক্রের দৌরাত্ম্য এখনো বন্ধ হয়নি। এসব কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছেন।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের উন্নয়ন কার্যক্রম প্রশ্নের মুখে থাকবে। একসময় জনগণ ব্যালট কিংবা গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495