অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৪১ পিএম
আড়াই মাস পর আবারও সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের ওপর আরোপিত সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
এতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরও আগে ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে এক ভিডিও বার্তায় হামিম দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি ইফতার মাহফিলের কারণেই তাকে ওই নোটিশ দেওয়া হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।