দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১৭ পিএম
দেশে বর্তমানে যেসব অপকর্ম ঘটছে, সেগুলোর পেছনে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মাসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যারা মিথ্যাচার ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে কখনোই উল্লেখযোগ্য সমর্থন পায়নি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক অবস্থানও প্রশ্নবিদ্ধ। তার দাবি, দেশের নারী নির্যাতন ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় দলটির সম্পৃক্ততার ইতিহাস রয়েছে।
তিনি আরও বলেন, যখনই তারা নিজেদের ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করে, তখন জনগণকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সমালোচকদের বিরুদ্ধে অপপ্রচার চালায় বলেও তিনি মন্তব্য করেন।