গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: আখতার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “গণভোটের রায় যারা মানবেন না, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।”
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত তরুণ কৃষি উদ্যোক্তা সেমিনারে তিনি এ কথা বলেন।
আখতার বলেন, “একটি দলের নেতারা সম্প্রতি গণভোটের বিরোধিতা করছেন। আগেও তারা গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। যারা গণভোটের রায় মানবেন না, তারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করছে এবং জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।”
সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। আখতার বলেন, “জুলাই সনদের বিষয়ে কিছু দল ধোঁয়াশা সৃষ্টি করেছে। সরকারের মর্জি অনুযায়ী সংস্কার ভাগ হওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা অস্পষ্ট।”
কৃষকদের অধিকারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করছে। গণভোট এবং কৃষকের অধিকার দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সংস্কার ও কৃষকের অধিকার আলাদা নয়, এটি এক সূত্রে গাঁথা।”
তিনি অভিযোগ করেন, “উন্নয়নের বাংলাদেশের আওয়ামী বয়ানে কৃষকরা দীর্ঘদিন ঠকেছে, ঋণের জালে আটকা পড়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। আমরা আশা করি, কৃষিকে বাঁচিয়ে রাখার মাধ্যমে পলিসি-নির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।”
এনসিপির নেতা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “৫ আগস্টের পরও সহিংসতা ও মারামারি আমাদের হতাশ করেছে।”