মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল সেভাবে ধারণ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ।
বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভা-২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, “বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করতে পারে না। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্য রাজনৈতিক দল তা করতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের ভোটারদের ৪০ শতাংশের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক তরুণ ভোটারের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। “আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,” যোগ করেন তিনি।
শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কখনো আপস করেনি। জাতীয় স্বার্থের প্রতি হুমকি বা আঘাত হলে সবসময় সরব ছিল এবং আগামীতেও থাকবে। “মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নে আমাদের কাজ করতে হবে,” বলেন তিনি।