জামায়াতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ ডাহা মিথ্যা: গোলাম পরওয়ার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না- এটি সম্পূর্ণ মিথ্যা।” তিনি বলেন, মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহ ও তার রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন, শুধুমাত্র সেই পথ অনুসরণের উৎসাহই তারা দেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা–গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াত আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপি যদি ঘোষণা করে যে নির্বাচনে জিতলে তারা কোরআনের আইন জারি করবে, তখন আমরা বিএনপিকে সমর্থন করব। তারা বলুক, শরিয়া আইন প্রতিষ্ঠা করবে- আমরাই তাদের ভোট দেব।”
জামায়াতের এ নেতা আরও বলেন, রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম ও বর্ণের মানুষ শান্তিতে থাকবে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এবং দখলদারিত্ব বন্ধ হবে। ইসলামের শাসনই মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সক্ষম।
তিনি নারীদের ভূমিকার কথাও তুলে ধরে বলেন, ইসলামের ইতিহাসে নারী সাহসীদের অবদান অনন্য। ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।