দেশে কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো আইন হবে না: সালাহউদ্দিন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরআন ও সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো আইন প্রণয়ন করা হবে না। পূর্বে যদি এমন কোনো আইন করা হয়ে থাকে, তা বাতিল করা হবে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পরিচালনায় ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে স্থাপন করেছিলেন, যা আওয়ামী ফ্যাসিস্ট শাসনের সময় সংবিধান থেকে সরিয়ে ফেলা হয়েছিল। এটি আবার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

সম্মেলনে ইমাম ও খতিবদের পক্ষ থেকে সাতটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো, উপযুক্ত প্রমাণ ও প্রাথমিক তদন্ত ছাড়া কোনো ইমাম-খতিব বা আলেমকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, “উপযুক্ত তথ্য–প্রমাণ ও প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোনো নাগরিককে গ্রেপ্তার করা যাবে না। আগে আওয়ামী শাসকরা দাড়ি-টুপির বিরুদ্ধে ছিল, আলেমদের হয়রানি করত, এবং মানুষকে জঙ্গি বানানোর নাটক দেখাত। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। আইনভঙ্গ করে কোনো বেআইনি কাজ এই দেশে আর করা হবে না।”

তিনি আরও বলেন, বিএনপি মদিনার ইসলামের প্রতি বিশ্বাসী এবং দেশের সব ফিরকা-ফেতনার অবসান চায়। মসজিদে কোনো রাজনৈতিক কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং ইমাম-খতিবদের বিতর্কের বাইরে রাখা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি এবং হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব।

সম্মেলনে সাত দফা দাবির মধ্যে মূল বিষয়গুলো ছিল:

১. সব ধর্মের প্রতি সহিষ্ণু হয়ে ইসলামি শরিয়াহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা।

২.রাষ্ট্রের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইমাম-খতিবদের সম্পৃক্ত করা এবং জেলা, বিভাগ ও থানা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিতে অংশগ্রহণ নিশ্চিত করা।

৩.মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করা।

৪. দেশের সব মসজিদের ইমামদের জন্য সার্ভিস রোল-নিয়োগবিধি প্রণয়ন ও মসজিদ কমিটিতে সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা।

৫. উপযুক্ত প্রমাণ ও তদন্ত ছাড়া কোনো ইমাম-খতিব বা আলেমকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।

৬. সরকার স্বীকৃত দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদের সরকারি মসজিদে ইমাম-খতিব ও স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়া।

৭. ইমাম-খতিবদের মাধ্যমে সমাজ সংস্কারমূলক কার্যক্রম যেমন: মাদক, যৌতুক, সুদ, ঘুষ ও অবৈধ সম্পদ নিরোধ এবং পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা রক্ষা, যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানজনক ভাতার ব্যবস্থা থাকে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495