বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করা হয়েছে: মামুনুল হক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৮ এএম
বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক দাবি করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে ‘বিক্রি করে দেওয়া হয়েছে।’ তার বক্তব্য অনুযায়ী, দেশের বর্তমান সংবিধান ভারতের প্রভাব মেনে তৈরি এবং ইন্দিরা গান্ধীর পরামর্শে ভারতের সংবিধানের মূলনীতি এতে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর ঈদগাহ ময়দানে খেলাফত মজলিশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভারত মাতার কাছে বিক্রি করা হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হিসেবে ধরে রাখা হয়েছিল। তাই ২০২৪ সালের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে।” তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—ভারতের আধিপত্য বা ১৯৭২ সালের সংবিধান আর চলবে না।
আসন্ন জাতীয় নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং দেশ গড়ে উঠবে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনার ভিত্তিতে। তার ভাষায়, এতে “ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে” এবং “ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে পারবে না।”
দেশের সাধারণ মানুষের জীবনে পরিবর্তন না আসা নিয়ে তিনি বলেন, “বিগত সরকারগুলোতে শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাদের ভাগ্য বদলালেও রিকশাচালক, নৌকার মাঝি, কৃষক-শ্রমিকদের জীবনে কোনো উন্নতি হয়নি।”
এ সময় কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দিয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী। বক্তব্য দেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।