বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি বলেন, “নেত্রীর অবস্থা প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। তিনি এখন গভীর সংকটের ভেতর দিয়ে যাচ্ছেন। তার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনন্য। তিনি সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন। নির্যাতন ও কারাভোগ সত্ত্বেও তিনি অবিচল থেকেছেন। এখন তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং চিকিৎসকরা জানিয়েছেন—তার অবস্থা অত্যন্ত সংকটময়।
তিনি জানান, গণতন্ত্রের নেত্রীর সুস্থতার জন্য সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। “আজ আমরা নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে তার সম্পূর্ণ রোগমুক্তির জন্য দোয়া করেছি,” বলেন তিনি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।