উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের সঙ্গে পরামর্শক্রমে উপযুক্ত সময় মনে করলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। তাঁর শারীরিক অবস্থাও অপরিবর্তিত আছে। হাসপাতালে অযথা ভিড় না করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশে ফেরা নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি লেখেন, মায়ের স্নেহ স্পর্শের আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একক নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা নিয়মিত তাঁর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।