ভোটে আওয়ামী দোসরদের সুযোগ দিলে ইসি ঘেরাও করা হবে: রাশেদ খান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দোসর বা ডামি প্রার্থীরা অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পথসভা শেষে সাংবাদিকদের তিনি এ সতর্কবার্তা দেন।
রাশেদ খান অভিযোগ করেন, ভারতের ইশারায় টাকা–পয়সা দিয়ে আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্র প্রার্থী সেজে নির্বাচনে অংশ নিতে পারে। তবে জনগণ তাদের প্রতিহত করবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকার নমনীয়তা দেখালে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম শহিদ হয়েছে। দুই হাজার ভাই–বোন জীবন দিয়েছে। শিশুরাও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি। সেই আওয়ামী লীগের লোকজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো সুযোগ দেওয়া হবে না।”
তবে তিনি জানান, যারা আওয়ামী লীগে থেকেও জনগণের ওপর জুলুম–অত্যাচার করেনি, তাদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ কোনো প্রতিশোধমূলক আচরণ করবে না। কিন্তু ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা ডামি এমপিদের দেশের রাজনীতিতে গ্রহণ করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
ভোটারদের উদ্দেশে রাশেদ খান বলেন, “আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ডামি প্রার্থীরা টাকার জোরে অংশ নিতে চাইবে। ভোটার ভাই–বোনেরা, আপনারা তাদের দেখলেই প্রতিরোধ করবেন। এই দোসররাই হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।”
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। রাশেদ খান বলেন, “দেশনেত্রী গুরুতর অসুস্থ। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের হাল ধরবেন। তিনি গণতন্ত্র ও সার্বভৌম বাংলাদেশের প্রতীক।”
এর আগে বিকেল ৫টায় হাটগোপালপুর বাজারে পথসভায় বক্তব্য দেন রাশেদ খান। সভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন এবং যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী উপস্থিত ছিলেন।