কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চললেও নির্ধারিত সময়েই যাত্রা সম্ভব হচ্ছে না। তাকে আনতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
তবে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি বিলম্বিত হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সরকার এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে বহনের অনুমতি দিয়েছে। নিয়ম অনুযায়ী এখন কাতার সিভিল এভিয়েশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) ল্যান্ডিং শিডিউল জানাবে। রাত সাড়ে আটটা পর্যন্ত বেবিচকের কাছে কোনো চিঠি পৌঁছায়নি। চিঠি পেলেই অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে সম্ভাব্য অবতরণকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা সুইপিং করেছে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স এলে নিরাপত্তা যাচাই শেষে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিকেল হেলিকপ্টারে বিমানবন্দরে আনা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তাকে জরুরিভিত্তিতে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক, সহকারী ও অন্যান্য সদস্যসহ মোট ১৪ জনের সফরসঙ্গী থাকার কথা রয়েছে।