খালেদা জিয়ার জন্য শনিবার জার্মানি থেকে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, অ্যাম্বুলেন্স বিমানটি জার্মানির একটি কোম্পানির হলেও এর ভাড়া, ব্যবস্থা ও সমন্বয়সহ সকল দায়িত্ব কাতার সরকারই পালন করছে। আগামীকাল শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এরইমধ্যে প্রয়োজনীয় অবতরণ অনুমতিও চূড়ান্ত হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত দিনে অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারেনি।
এদিন বেলা পৌনে ১১টায় লন্ডন থেকে আসা জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।
জানা গেছে, তার সঙ্গে যাবেন—লন্ডন থেকে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, হাসপাতালে থাকা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিক্যাল বোর্ডের সদস্যরা এবং নিরাপত্তা টিমের কর্মকর্তারা।