এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, আবারও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময়সূচি আবারও পরিবর্তিত হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থার স্থিতিহীনতার কারণে তৃতীয়বারের মতো লন্ডন যাওয়ার পরিকল্পনা পেছাতে হলো সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে যেকোনো দিন নেওয়া হতে পারে। নতুন তারিখ এখনই বলা যাচ্ছে না।”
বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে একই অবস্থায় আছে। ফ্লাই করার জন্য তার অবস্থা কতটা উপযোগী, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে। এদিকে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে না আসায় সিদ্ধান্ত আরও পিছিয়ে গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা ছিল, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর সূচি থাকলেও পরে তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই অ্যাম্বুলেন্স ১০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে।