২-৪টা আসনের জন্য কারোর সাথে জোট করবো না: নুর
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মাত্র দুই-চারটি আসনের জন্য তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা বা জোটে যাবে না। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা আমাদের আসন দিতে চেয়েছিল, এমনকি টাকা অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপস করিনি।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনও এ নিয়ে চূড়ান্ত কাজ এগিয়ে নিচ্ছে এবং ১১ তারিখ তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন মনে করলে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়টি সরকার ও কমিশন বিবেচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারি হোক বা এপ্রিল—গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে। আর দেশের প্রয়োজন হলে যদি কোনো জোটে যেতে হয়, তবে সেটি হবে ন্যায্যতা ও জনসমর্থনের ভিত্তিতে আসন সমঝোতার মাধ্যমে।
তার অভিযোগ, কিছু রাজনৈতিক দল পুরনো ফ্যাসিবাদী রাজনীতির মতো আবারও হুমকি-ধামকি ও আধিপত্য বিস্তারের তৎপরতা দেখাচ্ছে। নুর বলেন, “১৬ বছরের অপশাসন যেমন মুহূর্তে পতন হয়েছে, তেমনি জনগণের বিরুদ্ধে গেলে যে কারও পরিণতি একই হবে।” তিনি সব রাজনৈতিক দলকে সংযত ও সহনশীল থাকার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদের জেলা সহসভাপতি নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করতেই এই জনসভার আয়োজন করা হয়েছিল।