সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে: তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সামনের সময় ভালো নয় এবং দেশের সামনে কঠিন সময় আসছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে এবং গণতন্ত্রই একমাত্র শক্তি যা সব অপতৎপরতা প্রতিরোধ করতে পারে।
রোববার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে, না হলে দেশের ক্ষতি হবে। তিনি দাবি করেন, দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি, অতীতে সেটা করেছে, ভবিষ্যতেও পারবে।
তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, স্বৈরাচারী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হয়েছিল, আজ একইভাবে একটি দল দেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করছে।
এ সময় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তার বক্তব্যে বলা হয়, দেশ গড়ার কাজ করতে হলে, মানুষের অবস্থান উন্নত করতে হলে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, “বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারে। গণতন্ত্রই পারে সব ষড়যন্ত্র রুখে দিতে।”