এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ আত্মপ্রকাশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন- এই তিন দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোটের যাত্রা শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। জোটটির নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, “নতুন যাত্রার সূচনা হলো আজ। বহু চিন্তাভাবনার পর আমরা এই উদ্যোগের সাহস পেয়েছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশাকে সামনে রেখে তিনটি দল একসঙ্গে হাত মিলিয়েছি। পুরোনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ দমন করা সম্ভব নয়—নতুনদের নতুন পথেই পরিবর্তন আনতে হবে।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “এই ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের সংগ্রাম আছে। আমরা গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে প্রচারণা চালাব। নির্বাচন-পরবর্তী সংস্কার বাস্তবায়নেও একসঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে এই জোট গঠিত হয়েছে। নির্বাচনেও আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নেব।”