আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না। ফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত হয়েছে। এ নিয়ে পঞ্চমবার পিছিয়ে গেল তার বিদেশ যাওয়ার পরিকল্পনা।
সোমবার (৮ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কাতারের ব্যবস্থাপনায় আনা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালেই ঢাকায় অবতরণের অনুমতি নিয়েছিল। তবে পরে তারা সেই অনুমতি প্রত্যাহারের আবেদন করেছে। এর অর্থ—নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এবং খালেদা জিয়াকেও এখনই লন্ডনে নেওয়া যাচ্ছে না।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।
ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ সম্প্রতি জানিয়েছেন, মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে এবং চিকিৎসকরা সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। তবে তার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে কখন এ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব।
সরকার খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার পরিবারের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় সব সহযোগিতা করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।