বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

লন্ডন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

২০০১–২০০৬ সালের বিএনপি–জামায়াত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের ব্যর্থতার কারণেই দেশে ১/১১ সরকার এসেছিল এবং সেই সময় থেকে শুরু করে ১৫ বছর ধরে তরুণ সমাজ নানা রকম নির্যাতনের শিকার হয়েছে।

তিনি আরও দাবি করেন, অতীতের রাজনৈতিক ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী, গত ১৫ বছরের শাসন পরিস্থিতির জন্যও বিএনপি অনেকাংশে দায়ী।

ক্যান্টনমেন্ট বৈঠক, বিএনপি–জামায়াতের ভূমিকা, দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন বলেন, “বাংলাদেশে চেতনার ব্যবসা করে রাজনীতি হয় না। সংস্কার ও অধিকার—এই দুইয়ের ওপরই রাজনীতি দাঁড়ানো উচিত।”

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, দলটি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায় এবং অতীতেও ব্যাপক দুর্নীতি করেছে। তিনি সতর্ক করে বলেন, “রাজনীতি করতে চাইলে সোজা পথে আসুন।”

এনসিপির তরুণ নেতাদের উল্লেখ করে তিনি জানান, দলটি আগামী কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থিতা ঘোষণা করবে এবং “ব্যালট রেভ্যুলেশন” করবে।

ধর্ম ও মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে রাজনীতি করবে না উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মরে যাব, আত্মমর্যাদার প্রশ্নে এক বিন্দু ছাড় দেব না। এই নির্বাচনে শাপলা কলি ফুটাতে হবে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495