সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক: তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক ‘আত্মিক’। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও ২১ নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি মানসিক দৃঢ়তা থেকে সেখানে গিয়েছিলেন। কারণ সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের ও আত্মিক বলেও মন্তব্য করেন তিনি। তার ছোট ভাইয়ের স্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, অনুষ্ঠান শেষে খালেদা জিয়াকে দেখে অসুস্থ মনে হয়নি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। মেজর থাকাকালে তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।
সাবেক সেনা কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে যোগ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দেশ পুনর্গঠনের কাজে সম্পৃক্ত করা হবে। ইতোমধ্যে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি দল চালু করেছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করেই দেশ পুনর্গঠন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
পূর্বনির্ধারিত এ বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য দেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্নেল (অব.) হারুনুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জোহা, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, কর্নেল (অব.) জগলুল, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী ও ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান ও কর্নেল (অব.) হান্নান মৃধা।