উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:২৮ এএম
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সংলগ্ন পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এর ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল চুয়ে পড়ার কারণে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয়ে যান। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর ট্রেনটি লাইনের ওপর আটকা পড়ায় ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিলেট অভিমুখী এবং সিলেট থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেনের যাত্রীরা বিভিন্ন স্টেশনে আটকা পড়ে মারাত্মক দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে সড়কপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার জন্য সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ও উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এবং লাইন নিরাপদ ঘোষিত হলে দ্রুতই এই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।