দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে উল্টে প্রাণ গেল ৭ জনের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ এএম
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক খাদে উল্টে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন বাকি ৬ জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতের এ দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, নিহত সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।